সবজিখেতে কারেন্ট জাল, প্রাণ হারাচ্ছে পাখি


উজানচর ইউনিয়নের ফৈজদ্দিন মাতুব্বরপাড়ার কৃষক শহিদ প্রায় দুই বিঘা জমিতে বেগুন রোপণ করেছেন, ফলনও হয়েছে বেশ। বেগুনখেতের চারদিক ও ওপর দিয়ে কারেন্ট জাল দিয়ে ঘিরে রেখেছেন তিনি। কারেন্ট জালে আটকা পড়ে অনেক সময় পাখি মারা পড়ছে।

চর দৌলতদিয়ার কৃষক আবু হানিফ জানান, তিনি প্রায় দুই বিঘা জমিতে সবজির আবাদ করেছেন। ফলন আসামাত্র টিয়া, দোয়েল, শালিক ও চড়ুই পাখি এসে খেতের অধিকাংশ সবজি নষ্ট করে ফেলছে। বাধ্য হয়ে জাল কিনে ঘিরে রেখেছেন তিনি। প্রথম কয়েক দিন কিছু পাখি ধরা পড়েছিল।

ছোট ভাকলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন, ‘ফসল রক্ষায় কৃষকেরা কারেন্ট জাল ব্যবহার করছেন, যা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে কৃষকদের ডেকে সতর্ক করেছি। কিন্তু তাঁরা কারেন্ট জালের ব্যবহার বন্ধ করেননি। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া দমন করা সম্ভব নয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, ‘এর আগের কর্মস্থলেও কৃষকদের সবজিখেতে কারেন্ট জাল ব্যবহার করতে দেখেছি। এখানে আমাদের করার তেমন কিছুই নেই। কৃষকদের এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।’

ইউএনও আজিজুল হক খান জানান, এটি গুরুতর অপরাধ। সবজি রক্ষা করতে গিয়ে তো আর পাখি হত্যা করা যাবে না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Comments are closed.