নির্ধারিত সময় শেষে অফিশিয়ালদের সঙ্গে কথা-কাটাকাটি হয় টুখেলের। সংবাদমাধ্যমকে এ নিয়ে ৪৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘রেফারির ওপর মনঃক্ষুণ্ন হয়েছি। তার সঙ্গে আমার সহকর্মী কার্লো আনচেলত্তির বেশ ভালো সময় কেটেছে। কিন্তু তাকে ম্যাচের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে দেখি, প্রতিপক্ষ দলের কোচের সঙ্গে হাসি-তামাশা করছেন। আমার মতে, শেষ বাঁশি বাজার পর এমন কিছু করার জন্য এটা ভুল সময়। কোচ হিসেবে যদি দেখি প্রতিপক্ষ দলের কোচের সঙ্গে রেফারি এতটা সহজভাবে মিশছেন তাহলে সেটা কোনোভাবেই ভালো লাগবে না এবং তাকে সেটাই বলেছি।’
টুখেল ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেললে মনে হয় না সবার সেই (বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার) সাহসটা আছে। প্রথম লেগ ও দ্বিতীয় লেগে এমন দেখা গেছে। তাকে (রেফারি) বলেছি যে, সে নিজে গিয়ে না (ভিডিও রিপ্লে) দেখায় প্রচণ্ড হতাশ হয়েছি।’
রেফারিকে তাঁর দায়িত্বও স্মরণ করিয়ে দেন টুখেল, ‘এমন ম্যাচে ক্ষমতাটা তার হাতেই থাকা উচিত, এমন কারও হাতে তুলে দেওয়া উচিত না যিনি মাঠের বাইরে আছেন। তাই আমার মনে হয় তার নিজের গিয়ে দেখা উচিত ছিল। পরে তিনি নিজেও ঘটনাটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারতেন। তবে এটা শুধুই আমার মতামত। আমার মনে হয়, আরও বেশি কিছু প্রাপ্য ছিল আমাদের। দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ে আমরা বেশি সময় খেলেছি বলে মনে করি। আসলে সব কিছু আমাদের হাতেই ছিল, কিন্তু ভাগ্যটা পক্ষে ছিল না।