হঠাৎ এই মোটর শোভাযাত্রার কারণ সম্পর্কে বিদিশা এরশাদ সাংবাদিকদের জানান, আগামীকাল ২০ মার্চ জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই শোভাযাত্রা।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে বারিধারার দূতাবাস রোডের প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে মোটরবহরসহ একটি ছাদ খোলা খয়েরি রঙের গাড়ি নিয়ে বের হন বিদিশা। এরপর গুলশান দুই নম্বর, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী চেয়ারম্যান বাড়ি, মহাখালী, তেজগাঁও লিংক রোড হয়ে হাতিরঝিলে একবার চক্কর দেন।
প্রায় দুই ঘণ্টা পর পুলিশ প্লাজার সামনে গিয়ে বিদিশা এরশাদ বলেন, ‘এই দিনে আমি প্রয়াত এরশাদ সাহেবের জন্য দোয়া চাচ্ছি। ওনার আমল ছিল স্বর্ণ যুগ। ওনার সময়ে যে চালের দাম ছিল কেজি ২০ টাকার নিচে, এখন সে চাল ৫০ থেকে ৬০ টাকা। সামনে রোজা। মানুষ খাদ্যদ্রব্য নিয়ে বিপদে আছে। এখনই সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে না পারলে সরকারের সব ভালো কাজ ম্লান হয়ে যাবে।’
বিদিশা নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন। তিনি বলেন, তাঁর নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হচ্ছে। ছেলে এরিক এরশাদও দলে যুক্ত হয়েছেন। তবে মোটর শোভাযাত্রায় এরিক ছিলেন না। শোভাযাত্রায় বিদিশার সঙ্গে তাঁর গঠিত কমিটির কো–চেয়ারম্যান, উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।