বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলা

 প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৭:১৭ পিএম
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার সকালে তরুণীর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মো. ওবায়দুল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযুক্ত ওবায়দুলের বাড়ি উপজেলার তাতিহাটী ইউনিয়নে। আজ দুপুরে জেলা সদর হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে উপজেলার একটি গ্রামে বসবাস করেন। গত শনিবার দুপুরে তাঁর মা অসুস্থ এক স্বজনকে দেখতে যান। এই সুযোগে বাড়িতে এসে ওবায়দুল তরুণীকে ধর্ষণ করে চলে যান। পরে তাঁর মা ও ভাই বাড়িতে এলে তরুণী বিষয়টি তাঁদের জানান।
এ ঘটনায় তরুণীর বড় ভাই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ওবায়দুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকে ওবায়দুল পলাতক।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আসামি ওবায়দুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments are closed.