বিএনপির চরিত্রই হলো মিথ্যা কথা বলা এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন তারা কুফরি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের বাস্তবতা আমরা লক্ষ করেছি, তারা বিভিন্নভাবে আমাদের ওপর মিথ্যাচার করে বলছে ইসলামী আন্দোলন নাকি ১৫ বছর হাতপাখা দিয়ে বাতাস করেছে। অথচ এটা চরম মিথ্যাচার। আমরা ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের (বিএনপির) অনেক নেতারা এসব মিথ্যাচার চালিয়েই যাচ্ছে। অতএব একথা এখন স্পষ্ট যে ওদের চরিত্রই হলো মিথ্যা বলা।’
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘৫ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এমতাবস্থায় দেশের গুরুত্বপূর্ণ অংশ নারীদেরকে এ মহান কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি আমরা। অতএব ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ইসলামী আন্দোলনের মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্যে রাখেনে দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ। সেমিনারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিট, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সব থানা ও ওয়ার্ডের নারী নেত্রী অংশ নেন।

Comments are closed.