ইনকিলাব মঞ্চ
নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময় কালচারাল সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এফবিআইয়ের সহায়তায় খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। এটি জাতীয় নির্বাচনের আগেই করতে হবে।
গতকাল শরিফ ওসমান হাদি চত্বরে (শাহবাগ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এ সময় ঢাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার এক সপ্তাহ পার হয়েছে। এই সময়ে খুনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে জানাতে হবে। একই সঙ্গে খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, খুনিদের আশ্রয়দাতা এবং মদতদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। এ খুনি ও দোষরদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা কন্টিনিউ করা যাবে না।