চার মাস পর লাশ হয়ে ফিরলেন মাহবুর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মাহবুর রহমান। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মাহবুর রহমান। ছবি: সংগৃহীত
জীবিকার সন্ধানে প্রায় চার মাস আগে মালয়েশিয়া যান নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কায়েমকোলা গ্রামের আবদুল মজিদের ছেলে মাহবুর রহমান (৩৪)। গতকাল শুক্রবার রাতে তিনি লাশ হয়ে ফিরলেন দেশে। গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় মালয়েশিয়ার সিরামবাগ চুঙ্গুরাজ্জাক এলাকায় গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মাহবুর রহমান ২০১৮ সালের ১২ ডিসেম্বর জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি দেন। তিনি সেখানে ইনকু ফাইবার পিন কোম্পানিতে কর্মরত ছিলেন। কাজ শেষে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ওই দেশের সিরামবাগ চুঙ্গুরাজ্জাক এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁর মরদেহ বাংলাদেশে আসে। আজ শনিবার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাহবুরের স্ত্রী ও সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। মাহবুরের অকালমৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.