জাহাজে থাকা যাত্রীরা জানায়, আগুন ধরলে জাহাজটি সাগরে নোঙর করে রাখা হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নাকাটি করতে থাকেন। বিশেষ করে শিশুদের নিয়ে চরম আতঙ্কে ছিলেন অভিভাবকেরা।
জাহাজে ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, আগুনের কারণে সবার মধ্যে আতঙ্ক ছিল। তবে নিরাপদে ফিরতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন এখন।
পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে পর্যটক নিয়ে জাহাজটি বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়। প্রায় দুই ঘণ্টা যাওয়ার পর জাহাজে এই সমস্যা হয়।
গত বছর চট্টগ্রাম থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিনে বিলাসবহুল এই জাহাজটির চলাচল শুরু হয়। চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স জাহাজটি পরিচালনা করে আসছে।
কর্ণফুলী শিপ বিল্ডার্সের মহাব্যবস্থাপক মো. হাসানুর রহমান প্রথম আলোকে বলেন, জাহাজের ইঞ্জিনে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। তবে তিন মিনিটের মধ্যে জাহাজে থাকা টেকনিশিয়ানরা তা ঠিক করেন। এরপর জাহাজটির সেন্ট মার্টিনে যাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু যাত্রীরা ভীত ছিল। ফিরে আসতে চেয়েছিল। এ জন্য জাহাজ ফিরিয়ে আনা হয়েছে।